

Save ₹25.00 on this edition
কবিতা ও ছবির একসঙ্গে পথ চলাকে সম্বল করে এই বই, ‘অভয়ার জন্য’। হাজার হাজার মানুষ, সুবিচারর দাবিতে, অন্যায়ের প্রতিবাদে, অভয়ার করুণ পরিণতিকে মেনে নিতে অস্বীকার করে কলকাতার রাস্তায় এবং অন্যান্য স্থানে এক অভূতপূর্ব জনস্রোত ও রাত্রি দখলের সূচনা করেছিল। সেই পথেই শামিল হয়েছে, কবিতা ও ছবি হাতে হাত রেখে, অভয়ার জন্য।
অভয়াকে মনে রেখে , একেকটা দিন কেটে যায় কষ্ট আর প্রতিবাদের মধ্যে দিয়ে । সুব্রত ঘোষের কবিতায়, ছন্দের মাধ্যমে, প্রতিটি পংক্তিতে অভয়ার প্রতি ধ্বনি আমাদে র চেতনায় বেজে ওঠে। ঈশানীর কালি-কলমে ও তা প্রতিফলিত হয়। সাদা পাতায় ঈশানী দ্রুত রেখায়, কখনো অবিন্যস্ত আঁচড়ে ফুটিয়ে তোলে তার বেদনা ও জোরালো প্রতিরোধ। ছবিতে দেখা যায় বাড়ি , রাস্তাঘাট, ল্যাম্পপোস্ট ও গাড়ি । সহজ রেখায় ঈশানী বুঝিয়ে দেয় এক নাগরিক পরিবে শ। হাওড়া সেতু এঁকে স্পষ্ট ইঙ্গিত করে এই শহর, যে জানে অনেক কিছু, তার নাম কলকাতা। এই শহরের আকাশে বার বার ভেসে ওঠে অভয়ার প্রতি রূপ। সীমিত রেখায় পাতা ভরে ওঠে অবিরাম পথচলা মানুষের অগণিত অবয়ব, তাদের নাছোড়বান্দা মুষ্ঠিবদ্ধ হাতের ঢেউ। সামান্য ডিজিটাল কারিগরির ছোঁয়ায় আধো অন্ধকারের প্রেক্ষাপটে জ্বলে ওঠে অভয়া ও উদ্বিগ্ন জনতার ভিড়, আসন্ন উৎসবের আভাস, আশার প্রদীপ ও প্রকৃতি। আশা ও হতাশার আলো আঁধারে ঈশানীর আঁকা ছবি কেঁপে ওঠে পৃথিবীব্যাপী সহিংসতার আলোড়নে ।
সুব্রতর আঁকা ফুলের রেখা ঈশানীর প্রতিটা ছবির পটভূমি হয়ে ওঠে, যেখানে প্রতিটি ফুলের সঙ্গে জড়িয়ে আছে প্যালেস্টাইনের নাম। বইয়ের শেষের দিকে , এই পথ চলা ক্ষণিকের জন্য থমকে দাঁড়ায় একটি মেয়ের পূর্ণাঙ্গ মুখাবয়বে এসে । অভয়ার জন্মদিনে ঈশানী তার সঙ্গে মুখোমুখি হয়। অভয়ার মাথায় পরিয়ে দেয় এক বিশাল ফুল, যার ডাল আর কচি পাতায় ঢেকে যায় অর্ধেক মুখ, বাকি অর্ধেক তাকিয়ে থাকে অপার ভালোবাসায়। সুব্রতর কবিতা ও ঈশানীর ছবির প্রধান শক্তি হয়ে ওঠে নিবিড় ভালোবাসা, যা এই বইয়ের প্রাণ।
সৌমিক নন্দী মজুমদার
শিল্প সমালোচক

সুব্রত ঘোষ
Authorষাটোর্দ্ধ সুব্রত ঘোষ পেশায় স্থপতি... কিন্তু পেশার পরিধি ছাড়িয়ে বহুদূর আর অন্যরকম জীবনযাপন... যার ভরকেন্দ্রে রয়েছে ছোটরা। ছোটদের নিয়ে সদামগ্ন এই মানুষটির নিরন্তর চেষ্টা থাকে তাদের জগৎকে নানান ঐশ্বর্যে ভরিয়ে দেওয়ার। আর তাই হয়তো সহজেই আন্দোলিত হয়ে ওঠে, যে সমাজে বা পৃথিবীতে এই ছোটরা বড় হচ্ছে তার কোনো অনভিপ্রেত ঘটনা বা তার কোনো গভীর অসুখের লক্ষণে। নানান ভাবে ছোটদের সাথে নিয়েই সাড়া দেন তিনি এইসব ঘটনায়। যেমন সাম্প্রতিক অতীতে ঘটে যাওয়া অভয়ার মর্মান্তিক ঘটনার প্রতিক্রিয়ায় এইসব পদ্য আর সেইসব পদ্যকে একসাথে গেঁথে নিয়ে এই বই।
ঈশানী পাল
Illustratorনাচতে ভালোবাসা সদ্য কিশোরী ঈশানী পাল তার নাচের স্কুলে অনুষ্ঠিত অভয়াকে নিয়ে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে পরিচিত হয়েছিল এই আন্দোলনের সাথে। তারপর ধীরে ধীরে আরও অনেক কিছু জানা। আর যেহেতু ছবি আঁকাও তার আরেক ভালোলাগা, তাই সুব্রত ঘোষের উদ্যোগে সহজেই যুক্ত হওয়া অভয়াকে নিয়ে লেখা এই পদ্যগুলির অলঙ্করণে।
Follow us